অ্যামাজন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিইওর পদ ছাড়বেন জেফ বেজোস

২৭ মে, ২০২১ ০২:২১  
আগামী কয়েক সপ্তাহ পরেই অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়বেন জেফ বেজোস। বুধবার কোম্পানির বার্ষিক স্টেকহোল্ডার সভায় তিনি এই ঘোষণা দেন। একাধিক সূত্রের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ৫ জুলাইকে চূড়ান্ত দিন হিসেবে নির্বাচন করেছেন বেজোস। এরপর তিনি অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। আর প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নেবেন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সিইও অ্যান্ডি জেসি। বেজোস বলেন, এই দিনটি বেছে নেয়ার কারণ হলো এর সাথে আমার আবেগ জড়িত রয়েছে। ঠিক ২৭ বছর আগে ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠিত হয়েছিলো। আমি নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার জন্য অধীর হয়ে আছি, কারণ সেখানে আমি নিজের শক্তি ও সামর্থ দিয়ে নতুন পণ্য ও উদ্যোগ গ্রহণে মনোযোগ দিতে পারবে। চলতি বছরের প্রথমদিকে প্রধান নির্বাহীর কর্মকর্তা থেকে অবসর নেয়ার ঘোষণা দেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তখন বলা হয়েছিলো, চতুর্থ প্রান্তিকে এই দায়িত্ব হস্তান্তর হবে। অন্যদিকে, ২০০৩ সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কোম্পানিটিতে যুক্ত রয়েছেন জেসি। চলতি বছরের প্রথম তিন মাসেই এডব্লিউএস সাড়ে ১৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা ঐ প্রান্তিকে অ্যামাজনের মোট আয়ের প্রায় ১২ শতাংশ। ডিবিটেক/বিএমটি